দশ টাকার চাল আত্মসাৎ: ডিলারের কারাদণ্ড
গাজীপুরের কাপাসিয়ায় হতদরিদ্রদের কাছে ১০ টাকার দরে বিক্রির চাল আত্মসাতের দায়ে এক ডিলারকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান রোববার রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত মোখলেছুর রহমান উপজেলার বারিষাব ইউনিয়নের গাওরার এলাকার সুলতান উদ্দিনের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গত ১০ অক্টোবর উপজেলার বারিষাব ইউনিয়নের গাওরার দুলালপুর বাজার এলাকায় ১০ টাকার চাল বিক্রির ডিলার মোখলেছ উপজেলা খাদ্য গুদাম থেকে ১৩ টন চাল তোলেন। পরে তিনি মাস্টার রোল দাখিল করে সকল চাল বিক্রি হয়েছে বলে প্রতিবেদন জমা দেন।
“কিন্তু গোপন সূত্রে জানতে পারি হতহরিদ্রদের কাছ থেকে টিপসই নিলেও তাদের চাল দেওয়া হয়নি। পরে রোববার রাতে কাপাসিয়ার গাওরার এলাকায় অভিযান সাড়ে ৫০০ কেজি চাল উদ্ধার করা হয়।”
পুলিশের সহায়তায় ডিলার মোখলেছুরকে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
