টঙ্গীতে পায়ে শিকল বাঁধা যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
গাজীপুরের টঙ্গীতে পায়ে শিকল বাঁধা অবস্থায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার টঙ্গীর মাছিমপুর এলাকার হারুন সরকারের বাড়ির একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান টঙ্গী থানার এসআই আবুল খায়ের।
নিহত বায়েজিদ আলম তালুকদার (৩০) নেত্রকোণার বারহাট্টা ইসলামপুর এলাকার মাহবুব আলম তালুকদারের ছেলে। টঙ্গীর বনমালা রোড এলাকায় ছেলেকে নিয়ে ভাড়া থাকেন মাহবুব আলম।
মাহবুব বলেন, বনমালা রোড এলাকায় ভাড়া থেকে স্থানীয় মো. ফারুকের হকারের কাছ থেকে পত্রিকা নিয়ে বিভিন্ন এলাকায় বিক্রি করতেন তারা। এক পর্যায়ে বায়োজিদের কাছে ফারুকের কিছু টাকা পাওনা হয়ে যায়। ওই টাকার জন্য ফারুক চাপ দিচ্ছিল।
“ওই টাকার টাকার জন্য রোববার শহরের শিববাড়ি এলাকা থেকে বায়েজিদকে ধরে নিয়ে পায়ে শিকল বেঁধে মাছিমপুর এলাকার হারুন সরকারের বাড়ির একটি কক্ষে আটকে রাখেন ফারুক।”
এসআই আবুল খায়ের বলেন, ওই কক্ষ থেকে বায়েজিদের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এক পা শিকল বাঁধা অবস্থায় গামছা দিয়ে ফ্যানের সঙ্গে লাশটি ঝুলন্ত অবস্থায় ছিল।
লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দী আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
