কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন জেএমবি নিহত
কুষ্টিয়া সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক জেএমবি সদস্যের মৃত্যু হয়েছে।
রোববার রাত ৩টার দিকে কবুরহাট এলাকায় বন্দুকযুদ্ধ হয় বলে জানান গোয়েন্দা পুলিশের ওসি সাব্বিরুল ইসলাম।
নিহত কুলু মোল্লা (৩০) সদর উপজেলার খাজানগর এলাকার বাসিন্দা।
ওসি বলেন, জেএমবির কয়েকজন সদস্য কবুরহাট এলাকায় সোবাহান শেখের ধানের চাতালের পেছনে নাশকতা সৃষ্টির উদ্দেশে জড়ো হওয়ার খবর পেয়ে গোয়েন্দা পুলিশ অভিযান চালায়।
“সে সময় পুলিশের দিকে গুলি করা হলে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। গোলাগুলি শেষে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
পরে পুলিশ তাকে ‘জেএমবির আঞ্চলিক কমান্ডার কুলু মোল্লা’ বলে শনাক্ত করে বলে জানান ওসি সাব্বিরুল।
তিনি বলেন, গোলাগুলির পর ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, তিনটি রামদা ও কয়েকটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
পুলিশের এক কর্মকর্তা জানান, নিহত কুলু মোল্লা হোমিও চিকিৎসক মীর সানোয়ার রহমান হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন।
গত ২০ মে কুষ্টিয়া শহরতলির বটতৈল ইউনিয়নের শিশির মাঠ এলাকায় চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় মীর সানাউরকে।
