তাড়াশ উপজেলা চেয়ারম্যান হামলায় আহত
মাসিক সমন্বয় সভায় দুপক্ষের বাগবিতণ্ডা শেষে নিজ কার্যালয়ে যাওয়ার পর সন্ত্রাসী হামলায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা চেয়ারম্যান গুরুতর আহত হয়েছেন।
তাড়াশ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হককে ঢাকায় পাঠানো হয়েছে।
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান জানান, মাসিক সমন্বয় সভায় স্থানীয় সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলনের বিরুদ্ধে ২/১ জন ইউপি চেয়ারম্যান বক্তব্য দেন।
“এ সময় উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে এক পর্যায়ে সংসদ সদস্য সভা ত্যাগ করে চলে যান।”
ইউএনও বলেন, ওই সভা শেষ হওয়ার পর উপজেলা চেয়ারম্যান আব্দুল হক তার নিজ কার্যালয়ে গিয়ে ইউপি চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করছিলেন।
“বেলা ১টার দিকে অজ্ঞাত পরিচয় কয়েকজন যুবক উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে ঢুকে তার মাথায় আঘাত করে পালিয়ে যায়।”
তাকে প্রথমে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে ইউএও জানান।
তাড়াশ থানার ওসি আমিনুল ইসলাম জানান, সন্ত্রাসী হামলার ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আকরামুজ্জামান জানান, উপজেলা চেয়ারম্যান আব্দুল হকের মাথায় রক্তাক্ত জখম হয়েছে। তার অবস্থা শংকটাপন্ন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বিকাল পৌনে ৪টার দিকে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
