২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মহিলা আ. লীগের সম্মেলনে ভাংচুর  

গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সম্মেলন স্থলে ভাংচুরের পর কমিটি ঘোষণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হওয়ার খবর পাওয়া যায়নি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2016, 08:02 PM

Updated : 11 Oct 2022, 08:58 PM

শনিবার বিকালে শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। এ সময় মহিলা নেতা-কর্মীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। অনেকে দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

নতুন আহ্বায়ক কমিটি গঠনের ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংগঠনের এক নেতা জানিয়েছেন।

গাজীপুর সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফরোজা আক্তার বলেন, সকাল ১০টার দিকে গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়। বিকাল ৩টার দিকে সম্মেলনের প্রথম পর্ব শেষ হয়।

তিনি জানান, দুপুরের খাবারের বিরতির পর বিকাল ৪টার দিকে দ্বিতীয় পর্বে কমিটি ঘোষণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা। এর জন্য মঞ্চের প্রস্তুতি পর্ব চলছিল।

“এ সময় মঞ্চে থাকা ছাত্রলীগ নেতাকর্মীদের নেমে যেতে বলা হয়। ছাত্রলীগের কিছু নেতাকর্মী মঞ্চ ত্যাগ করেন। এর কিছু সময় পর একদল কর্মী সম্মেলন স্থলে প্রবেশ করে চেয়ার, টেবিল, লাইট, ফ্যান, ব্যানার, ফেস্টুন ভাংচুর ও ক্ষতিসাধন করে।”

এ সময় পুরো অডিটরিয়ামে আতংক সৃষ্টি হয়। সংগঠনের নেতাকর্মীরা দিগবিদিক ছোটাছুটি করতে থাকেন। অনেকে সম্মেলন স্থল ত্যাগ করে রাস্তায় অবস্থান নেন। খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, বলেন আফরোজা।

মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুন নেছা মান্নান বলেন, প্রথম অধিবেশনের পর পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি ঘোষণার কথা ছিল। কারো পক্ষে প্রভাবিত হয়ে এ কমিটি ঘোষণা বানচাল করার জন্য এ ঘটনা ঘটানো হতে পারে।

“এখন গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের কোনো কমিটি নেই। ঢাকায় ফিরে নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হবে।”

হামলার খবর পেয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতউল্লা খান ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে যান। ওই দুই নেতাকে হামলাকারীদের সনাক্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান কামরুন নেছা।

জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, সম্মেলনে হামলাকারীদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।

সকালে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আশরাফুন নেছা মোশারাফ, প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক আসমা জেরিন ঝুমু।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক।

মহানগর মহিলা আওয়ামী লীগের আহবায়ক সেলিনা ইউনুসের সভাপতিত্বে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, জাহিদ আহসান রাসেল, মহানগর আওয়ামী লীগ সভাপতি আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।