ঝিনাইদহে জমির বিরোধে যুবককে কুপিয়ে হত্যা
ঝিনাইদহ সদর উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
জমি নিয়ে বিরোধের জেরে শুক্রবার রাতে ইস্তেগাপুর গ্রামে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলী।
নিহত মোহন মুন্সি (২৫) ওই গ্রামের হাফিজুর রহমানের ছেলে। হামলায় আরও দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা আজবাহার জানান, হামলায় জড়িত অভিযোগে হাসানুজ্জামান তিতু নামে একজনকে আটক করেছে পুলিশ।
গ্রামের জমিজমা নিয়ে তিতুর সঙ্গে ফিরোজ আহমেদ ফেদু নামে এক ব্যক্তির বিরোধ চলছিল। বিষয়টি আদালতেও গড়ায়। তার জের ধরেই ফেদু সমর্থকদের উপর হামলা হয় বলে পুলিশ জানায়।
আজবাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ১১টার দিকে ইস্তেগাপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে মোহন মুন্সি, মুসলিম বিশ্বাস ও অন্য একজনের ওপর তিতুর লোকজন হামলা চালায়। তারা ধারাল অস্ত্র দিয়ে তাদেরকে কুপিয়ে পালিয়ে যায়।”
আহত তিনজনকে স্থানীয়রা ঝিনাইদহ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহনকে মৃত ঘোষণা করেন।
মুসলিম বিশ্বাস ও অন্যজনকে হাসপাতালে ভর্তি রয়েছেন।
হামলার পর অভিযান চালিয়ে তিতুকে আটক করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।
