নেত্রকোণায় পিটুনিতে যুবকের মৃত্যু, নারী আটক
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় পিটিয়ে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই যুবকের স্ত্রী আহত হয়েছেন।
রোববার উপজেলা শহরের দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ঝুটন বণিক (৩২)।
আহত ঝুটন বণিকের স্ত্রী জয়া বণিককে (২৭) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে পুলিশ নিহতের প্রতিবেশী জগবন্ধু বর্মণের স্ত্রী মুক্তি রাণী বর্মণকে (৫০) আটক করেছে।
মোহনগঞ্জ থানার ওসি মেজবাহ্ উদ্দিন জানান, ঝুটন বণিক ও জগবন্ধু বর্মণের পরিবার দৌলতপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, শনিবার বাড়ির অঙ্গিনায় কাপড় শুকানো নিয়ে ঝুটন ও জগবন্ধু পরিবারের নারীদের মধ্যে ঝগড়া হয়। এর জেরে রোববার সকালে জগবন্ধু ও তার দুই ছেলে বিজয় বর্মণ ও অজয় বর্মণ লাঠি দিয়ে পিটিয়ে আহত করে ঝুটন বণিক ও তার স্ত্রী জয়া বণিককে।
আহতদের প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ঝুটন বণিক মারা যান, বলেন ওসি।
ঝুটন বণিকের লাশ ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
