কেরানীগঞ্জে কাঁচির আঘাতে যুবক খুন, বন্ধু আটক
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কাঁচির আঘাতে এক যুবককে খুন করার অভিযোগে তার বন্ধুকে আটক করেছে পুলিশ।
উপজেলার চুঁনকুটিয়া বালুর মাঠে শনিবার রাতে এ হামলার ঘটনা ঘটে।
নিহত মো. সোহেল (৩০) বরিশালের মুলাদি উপজেলার রসুলপুর গ্রামের নূর ইসলামের ছেলে। তিনি চুঁনকুটিয়া চৌধুরীপাড়ায় ভাড়া বাসায় থেকে একটি দর্জির দোকানে কাজ করতেন।
নিহতের এক বন্ধুর বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোহেল ও তার বন্ধু রবিনের ঝগড়া বাধে শনিবার রাতে। এক পর্যায়ে রবিন সোহেলের পেটে ধারালো কাঁচি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরে রবিন ও তাদের আরেক বন্ধু গুরুতর আহত অবস্থায় সোহেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এসআই বাচ্চু।
তিনি বলেন, সংবাদ পেয়ে হাসপাতালের জরুরি বিভাগ থেকে রবিনকে আটক করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় খবর দেওয়া হয়।
রোববার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ হাসপাতাল থেকে আটক রবিনকে নিয়ে যায় বলে এসআই বাচ্চু জানান।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুরো ঘটনাটির তদন্ত এবং রবিনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
