২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষায় নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা পদযাত্রা

শিক্ষাঙ্গনে সন্ত্রাস, নৈরাজ্য ও অব্যবস্থাপনার প্রতিবাদ জানাতে যশোর থেকে হেঁটে ঢাকা যাত্রা করেছেন শিক্ষক আলী আজম টিটো।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2016, 08:07 PM

Updated : 11 Oct 2022, 08:56 PM

মঙ্গলবার বিকালে যশোর থেকে রওনা হয়ে বৃহস্পতিবার মাগুরা পৌঁছেছেন যশোর শহরের বাসিন্দা এই শিক্ষক।  

পথে পড়া বিভিন্ন বিদ্যালয়ে ঢুকে তিনি শিক্ষক, শিক্ষার্থীর সঙ্গে মতবিনিময় করছেন। কথা বরছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে।

সঙ্গে রাখা একটি খাতায় তিনি বিভিন্নজনের মতামত লিপিব্ধ করছেন। ওইসব লেখা তিনি ঢাকায় গিয়ে প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চান বলে জানিয়েছেন।

এছাড়া জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করার ইচ্ছা আছে বলেও জানান তিনি।

আলী আজম টিটো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একজন শিক্ষক ক্লাসে ইংরেজি, অংক বা বাংলা পঠ্যবই পড়ান এক বছর ধরে। প্রতিদিন ৪০ মিনিট করে ক্লাস নেন; কিন্তু তিনি ক্লাসে ছাত্রকে বোঝাতে পারেন না।

“তাকে বুঝতে হলে ওই শিক্ষকের বাসায় গিয়ে প্রাইভেট পড়তে হয়। প্রাইভেট না পড়া ছাত্রদের ক্লাসে গালমন্দ করা হয়। পরীক্ষায় কম নম্বর দেওয়া হয়।

“আর প্রাইভেট পড়লে পরীক্ষার আগে নির্দিষ্ট কিছু প্রশ্নের উত্তর রেডি করে দেওয়া হয়। পরীক্ষার খাতায় নম্বরও বেশি দেওয়া হয়।”

শিক্ষা ক্ষেত্রে রাজনীতির সমালোচনা করে এই শিক্ষক বলেন, বর্তমানে ছাত্র রাজনীতির নামে চাঁদবাজি, টেন্ডারবাজি, খুন-গুমের ঘটনা ঘটছে। ভবিষ্যৎ গড়তে শিক্ষাঙ্গনে পাঠিয়ে অনেক সময় মা-বাবা সন্তান হারাচ্ছেন।