দশ টাকার চাল: কুতুবদিয়ায় ইউপি সদস্য আটক
হতদরিদ্রদের মধ্যে বিতরণের দশ টাকা মূল্যের চালের কার্ড বিতরণে অনিয়মের অভিযোগে কক্সবাজারে এক ইউপি সদস্যকে আটক করেছে প্রশাসন।
মঙ্গলবার বিকালে কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ইউপি সদস্য আবুল হোসাইনকে আটক করা হয় বলে জানান কুতুবদিয়ার ইউএনও সালেহীন তানভীর গাজী।
আবুল হোসাইন দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য।
ইউএনও সালেহীন বলেন, হতদরিদ্রদের জন্য সরকারিভাবে নির্ধারিত ১০ টাকা মূল্যে কুতুবদিয়ায় চালের কার্ড বিতরণ চলছে। আবুল হোসাইনের বিরুদ্ধে কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ আসে প্রশাসনের কাছে।
“তিনি অনিয়মের মাধ্যমে নিজেকে বাবা সাজিয়ে ভাইপোকে কার্ড বিতরণ করেছেন। এই অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে দক্ষিণ ধুরুং ইউপি কার্যালয় থেকে তাকে আটক করা হয়েছে।”
তাকে কুতুবদিয়া থানা হাজতে রয়েছে। বুধবার ভ্রাম্যমাণ আদালতে দেওয়া হবে বলে জানান ইউএনও।
একজন দরিদ্র প্রতি কার্ডের বিপরীতে মাসে ৩০ কেজি চাল কিনতে পারবে। এভাবে বছর পাঁচ মাস চাল দেওয়া হবে। সারাদেশে ৫০ লাখ পরিবারকে এ কর্মসূচিতে চাল দেওয়া হবে।
এ কর্মসূচিতে চাল বিতরণ শুরুর পর থেকে নানা অভিযোগ ওঠে বিতরণকারীদের বিরুদ্ধে।
এ পর্যন্ত অনিয়মের অভিযোগে ৪৪ জনের ডিলারশিপ বাতিল করেছে সরকার।
এছাড়া অনিয়মের অভিযোগে করা ১১টি মামলায় ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
সচিবালয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এই কর্মসূচি চালুর পর থেকে বিভিন্ন অনিয়ম ধরা পড়েছে। আমরা ব্যবস্থা গ্রহণ করেছি, করছি, আরও করব।
