২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় পরিবহন ধর্মঘট স্থগিত

গাইবান্ধা মালিক সমিতির সঙ্গে বিরোধের জেরে অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করেছে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2016, 11:23 PM

Updated : 11 Oct 2022, 08:54 PM

পুরনো খবর:

গাইবান্ধায় পরিবহন ধর্মঘট

গাইবান্ধার পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর করীর মিলনের মধ্যস্থতায় মঙ্গলবার সন্ধ্যা থেকে দুপক্ষের বৈঠকের পর রাত ১০টার দিকে এ ঘোষণা আসে।

জাহাঙ্গীর করীর বলেন, দুপক্ষকে নিয়ে সন্ধ্যা থেকে আলোচনা করা হয়। কিন্তু কোনো সমাধানে আসতে না পারায় আগামী ৩০ অক্টোবর পর্যন্ত কর্মসূচি স্থগিত রাখার ব্যাপারে একমত হয়েছেন ধর্মঘটকারীরা।

এর মধ্যে দুপক্ষের আলোচনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মঙ্গলবার ভোর ৫টা থেকে শুরু হওয়া এ ধর্মঘটে অটোরিকশা, রিকশা ও ভ্যান চলাচলও বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ।

গাইবান্ধা জেলা সদর থেকে ঢাকা, রংপুর, বগুড়া, দিনাজপুর, রাজশাহীসহ জেলার অভ্যন্তরীণ সব রুটে দূরপাল্লার বাস-ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, ট্যাংকলরি ও কভার্ডভ্যান চলাচল বন্ধ থাকে।

রিকশা ও ভ্যান চলাচলও বন্ধ রাখায় শহরের সর্বত্র সাধারণ মানুষকে হেঁটে চলাচল করতে দেখা গেছে।

ঐক্য পরিষদের আহ্বায়ক কাজী মকবুল হোসেন, গত ২৫ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ মটর মালিক সমিতি অনিয়মতান্ত্রিকভাবে সুন্দরগঞ্জ, বেলকা ও পাঁচপীর ফিডার রুটে তাদের পরিচালিত যানবাহন চালাতে শুরু করে। জেলা মটর মালিক সমিতির পক্ষ থেকে এর প্রতিবাদ জানানো হয়।

“প্রতিবাদ জানানোর কারণে শুক্রবার থেকে গোবিন্দগঞ্জের পরিবহন মালিক ও শ্রমিকরা গাইবান্ধার যানগুলো গোবিন্দগঞ্জ থেকে ফেরত পাঠাচ্ছে। বিষয়টি জেলা প্রশাসন ও পুলিশকে জানানো হলেও তারা কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।”

গাইবান্ধা শহর থেকে বগুড়া, রাজশাহী, সিলেট ও ঢাকাগামী যানগুলোর রংপুর-ঢাকা মহাসড়ক ধরে গোবিন্দগঞ্জ উপজেলা শহরের ভেতর দিয়েই চলাচল করতে হয় বলে জানান তিনি।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বলেন, “আগে গাইবান্ধা জেলা মটর মালিক সমিতি আমাদের যান সুন্দরগঞ্জ, বেলকা ও পাঁচপীর রুটে চলাচল বন্ধ করে দিয়েছে। বিষয়টি প্রশাসনকেও জানানো হয়েছে। এর সমাধান না হওয়ায় আমরাও গাইবান্ধার যান গোবিন্দগঞ্জ থেকে ফেরত পাঠানো শুরু করি।”

এ বিষয়ে গাইবান্ধা জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ জানান, দুই পক্ষকে নিয়ে এ পর্যন্ত তিন দফা বৈঠক করা হয়েছে; কিন্তু তারা স্ব স্ব অবস্থানে অনড় থাকায় কোনো সমাধান করা সম্ভব হয় নাই।