২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় পরিবহন ধর্মঘট

গোবিন্দগঞ্জ উপজেলার দিয়ে গাইবান্ধা মালিক সমিতির যানবাহন চলতে না দেওয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2016, 06:11 PM

Updated : 11 Oct 2022, 08:54 PM

মঙ্গলবার ভোর ৫টা থেকে শুরু হওয়া এ ধর্মঘটে অটোরিকশা, রিকশা ও ভ্যান চলাচলও বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

ধর্মঘটের কারণে গাইবান্ধা জেলা সদর থেকে ঢাকা, রংপুর, বগুড়া, দিনাজপুর, রাজশাহীসহ জেলার অভ্যন্তরীণ সব রুটে দূরপাল্লার বাস-ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, ট্যাংকলরি ও কভার্ডভ্যান চলাচল বন্ধ রয়েছে।

রিকশা ও ভ্যান চলাচলও বন্ধ রাখায় শহরের সর্বত্র সাধারণ মানুষকে হেঁটে চলাচল করতে দেখা গেছে।

ঐক্য পরিষদের আহ্বায়ক কাজী মকবুল হোসেন, গত ২৫ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ মটর মালিক সমিতি অনিয়মতান্ত্রিকভাবে সুন্দরগঞ্জ, বেলকা ও পাঁচপীর ফিডার রুটে তাদের পরিচালিত যানবাহন চালাতে শুরু করে। জেলা মটর মালিক সমিতির পক্ষ থেকে এর প্রতিবাদ জানানো হয়।

“প্রতিবাদ জানানোর কারণে শুক্রবার থেকে গোবিন্দগঞ্জের পরিবহন মালিক ও শ্রমিকরা গাইবান্ধার যানগুলো গোবিন্দগঞ্জ থেকে ফেরত পাঠাচ্ছে। বিষয়টি জেলা প্রশাসন ও পুলিশকে জানানো হলেও তারা কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।”

গাইবান্ধা শহর থেকে বগুড়া, রাজশাহী, সিলেট ও ঢাকাগামী যানগুলোর রংপুর-ঢাকা মহাসড়ক ধরে গোবিন্দগঞ্জ উপজেলা শহরের ভেতর দিয়েই চলাচল করতে হয় বলে জানান তিনি।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বলেন, “আগে গাইবান্ধা জেলা মটর মালিক সমিতি আমাদের যান সুন্দরগঞ্জ, বেলকা ও পাঁচপীর রুটে চলাচল বন্ধ করে দিয়েছে। বিষয়টি প্রশাসনকেও জানানো হয়েছে। এর সমাধান না হওয়ায় আমরাও গাইবান্ধার যান গোবিন্দগঞ্জ থেকে ফেরত পাঠাচ্ছি।”

এ বিষয়ে গাইবান্ধা জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ জানান, দুই পক্ষকে নিয়ে এ পর্যন্ত তিন দফা বৈঠক করা হয়েছে; কিন্তু তারা স্ব স্ব অবস্থানে অনড় থাকায় কোনো সমাধান করা সম্ভব হয় নাই।