কলেজছাত্রীকে ধর্ষণের ভিডিও, গৃহশিক্ষক গ্রেপ্তার
নারায়ণগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণ ও সেই চিত্র ধারণ করে ‘ব্ল্যাকমেইলের’ অভিযোগে তার গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে নগরীর গলাচিপা গোয়ালবাড়ির পল্টনের ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান।
গ্রেপ্তার সমীর দত্ত (৩৯) ওই এলাকার মৃত মনোহর দত্তের ছেলে। তিনি চতুর্থ শ্রেণি থেকে এইচএসসি পরীক্ষা পর্যন্ত ওই তরুণীকে পড়িয়েছিলেন।
এসআই মিজানুর বলেন, শহরের দেওভোগ পানির ট্যাঙ্কি এলাকার এক ব্যবসায়ীর কলেজ পড়ুয়া ওই মেয়ের সঙ্গে বাবুরাইল এলাকার এক ছেলের ফেইসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তাদের সম্পর্ক ভেঙেও যায়।
“বিষয়টি ওই ছাত্রী তার সাবেক গৃহশিক্ষক সমীরের সঙ্গে আলোচনা করেন। সমীর তাদের আবার মিল করে দেওয়ার আশ্বাস দিয়ে মেয়েটিকে বিভিন্ন কবিরাজের কাছে নিয়ে যান এবং তার সরলতার সুযোগ নিয়ে গত বছরের ডিসেম্বরের শেষের দিকে দেওভোগ পানির ট্যাংকি এলাকায় একটি বাসায় নিয়ে ধর্ষণ করেন।”
একাধিকবার এই ধরনের ঘটনা ঘটিয়ে তার ভিডিও মোবাইল ফোনে ধারণ করে তা ইন্টারনেটসহ আত্মীয়-স্বজনের কাছে পৌঁছে দেওয়ার হুমকি দিয়ে সমীর ওই তরুণীর কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেন এসআই মিজানুর জানান।
এক পর্যায়ে মেয়েটি তার বাবাকে জানালে তিনি ফতুল্লা মডেল থানায় ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন। ওই মামলায় সমীরকে গ্রেপ্তার করা হয়েছে বলে এসআই মিজানুর জানান।
