ঝিনাইদহে বাসচাপায় দম্পতি নিহত
ঝিনাইদহের কালীগঞ্জে বাসচাপায় অটোরিকশা যাত্রী এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ২০ যাত্রী।
মঙ্গলবার উপজেলার কেয়াবাগানে এ দুর্ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার এসআই আবুল খায়ের জানান।
নিহতরা হলেন যশোর সদর উপজেলার খুজারহাট গ্রামের ছটু মল্লিক (৫০) ও তার স্ত্রী ছায়া রানী (৪৫)।
আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই বলেন, বেলা সোয়া ৩টার দিকে ছটু তার শ্বশুর বাড়ি কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন।
“পথে খুলনা থেকে কুষ্টিয়াগামী গড়াই পরিবহনের একটি বাস তাদের অটোরিকশাকে চাপা দিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ছটু ও ছায়া নিহত হন।”
স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে হাসপতালে পাঠায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
