লক্ষ্মীপুরে ‘জলদস্যুদের’ গোলাগুলিতে ১ জনের মৃত্যু
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় দুই জলদস্যু বাহিনীর গোলাগুলিতে ১৪ মামলার এক আসামির মৃত্যুর খবর দিয়েছে পুলিশ।
মঙ্গলবার ভোরে উপজেলার চররমিজ ইউনিয়নের আজাদ মেমোরিয়াল স্কুলের পাশে গোলাগুলি হয় বলে জানান রামগতি থানার ওসি ইকবাল হোসেন।
নিহত মজনু উপজেলার চর আফজাল গ্রামের জাহাঙ্গীরের ছেলে।
ওসি বলেন, ভোরে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
“পরে নিহত ব্যক্তিকে ডাকাত মজনু বলে এলাকাবাসী শনাক্ত করেন। ডাকাতির প্রস্তুতি কিংবা ডাকাতির মাল ভাগবাটোয়ারা নিয়ে স্থানীয় ফকির বাহিনী ও মজনু বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।”
পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বলে জানান ওসি ইকবাল।
তিনি বলেন, নিহত মজনুর নামে বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে।
এ ঘটনায় পাঁচজনকে আসামি করে হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
