দুর্নীতির মামলায় বিআরটিএ কর্মকর্তা গ্রেপ্তার
একটি দুর্নীতির মামলায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এক সহকারী পরিচালককে গ্রেপ্তার করেছে দুদক।
সোমবার বিকালে বিআরটিএ-এর গাজীপুর সার্কেল কার্যালয় থেকে বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী মো. আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর গাজীপুর আদালতে হাজির সকরা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
গাজীপুর আদালত পুলিশের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, মানিকগঞ্জ সার্কেলে সহকারী পরিচালক হিসেবে কর্মরত অবস্থায় আব্দুল হান্নান ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মানিকগঞ্জ মডেল থানায় সোমবার একটি মামলা দায়ের করে দুদক।
ঢাকার দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম আলী মোল্লা ওই মামলাটি দায়ের করেন।
সোমবার বিকালে হান্নানকে গ্রেপ্তারের পর গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. ইলিয়াস রহমানের আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় বলে জানান পরিদর্শক রবিউল।
গ্রেপ্তার হান্নান পাবনার গোপালপুর গ্রামের মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে। তিনি ঢাকার উত্তরায় সপরিবারে বসবাস করেন।
