রামুতে নদীতে নেমে স্কুলছাত্র নিখোঁজ
কক্সবাজারের রামুতে নদীতে নেমে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।
নিখোঁজ সুমন বড়ুয়া ওরফে টাবু (১৫) ফতেখাঁরকূল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া এলাকার বাইট্যা বড়ুয়ার ছেলে।রামু খিজারী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
ওসি প্রভাষ বলেন, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সোমবার দুপুরে রামুর বাঁকখালী নদীতে আয়োজন করা হয় ‘জাহাজ ভাসা উৎসব’। উৎসবস্থলের পাশে বাঁকখালী নদীতে গোসলে নামে সুমনসহ চার স্কুলছাত্র।
“এক পর্যায়ে সুমন নদীতে তলিয়ে যায়।স্থানীয়রা খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসকে জানায়।”
কক্সবাজার ফায়ার সার্ভিসের অপারেশন কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে নামে।তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত নিখোঁজ স্কুলছাত্রের কোনো সন্ধান পাওয়া যায়নি।
তাকে উদ্ধারে চট্টগ্রাম থেকে ডুবুরি দল রামু আসছে বলেও জানান তিনি।
