টাঙ্গাইলে সমাবেশ ঠেকাতে ১৪৪ ধারা
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার একটি বাজারে আওয়ামী লীগের দুই পক্ষ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
সোমবার দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার ধলাপড়া বাজার ও কলেজ এলাকায় এই আইন জারি করে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়।
ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. দিদারুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার প্রধান আসামি সংসদ সদস্য আমানুর রহমান খান রানাসহ সব আসামির বিচার দাবিতে ধলাপড়া বাজারে সমাবেশ ডাকে উপজেলা আওয়ামী লীগ।
“অন্যদিকে রানার সমর্থক আওয়ামী লীগের নেতা-কর্মীরা একই সময় একই জায়গায় তার মুক্তির দাবিতে সমাবেশের ঘোষণা দেয়। এ কারণে উত্তেজনা দেখা দেওয়ায় ১৪৪ ধারা জারি করেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মো. শাহিন।”
১৪৪ ধারা বাস্তবায়নের জন্য ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান পরিদর্শক দিদারুল।
