২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেল্প লাইনে বার্তা: বাল্য বিয়ে বন্ধ করল পুলিশ

সম্প্রতি চালু করা হেল্প লাইনে এসএমএস পেয়ে ঠাকুরগাঁও সদরের একটি বাল্য বিয়ে বন্ধ করেছে পুলিশ।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2016, 11:49 PM

Updated : 20 Aug 2022, 01:56 PM

রোববার রাত ১০টার দিকে বড়গাঁও ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান জানান।

ওসি মশিউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মধ্যপাড়া গ্রামের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর (১৪) সঙ্গে একই উপজেলার রুহিয়া এলাকার আবু হোসেনের বিয়ের আয়োজন হয়। রাতে বরযাত্রী এসে পৌঁছে বিয়ে বাড়িতে।

তিনি বলেন, রাত ৮টা ৯ মিনিটে বাংলাদেশ পুলিশ হেল্প লাইন অ্যাপসসের মাধ্যমে ঠাকুরগাঁও সদর থানায় একটি এসএমএস আসে।

ম্যাসেজটি পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে বাল্য বিবাহটি বন্ধ করা হয় বলে জানান ওসি মশিউর রহমান।

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে মাধ্যমে জনগণকে দ্রুত পুলিশি সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ হেল্প লাইন অ্যাপসটি ঠাকুরগাঁওয়ের ছয়টি থানায় চালু করা হয়েছে।

এ অ্যাপসের মাধ্যমে যে কোনো ব্যক্তি পরিচয় গোপন রেখে অভিযোগ দিতে পারবেন এবং অভিযোগ পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে, বলেন লালন আহমেদ।

‘বিডি পুলিশে হেল্প লাইন’ নামের এই অ্যাপটি বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দপ্তরে উদ্বোধন করেন আইজিপি একেএম শহীদুল হক।

আপাতত অ্যাপটি ‘গুগল প্লে স্টোরে’ পাওয়া গেলেও শিগগিরই অ্যাপলের ‘অ্যাপ স্টোরেও’ মিলবে বলে জানিয়েছেন পুলিশ প্রধান।