২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে লাঠির আঘাতে ভটভটি চালকের মৃত্যু

রাজশাহী নগরীতে রাস্তার পাশে গরুর গাড়ি দাঁড় করানো নিয়ে কথা কাটাকাটির জেরে লাঠির আঘাতে এক ভটভটি চালকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজশাহী অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2016, 07:50 PM

Updated : 20 Aug 2022, 01:56 PM

রোববার সিটি হাটে এ ঘটনা ঘটে বলে শাহ মখদুম থানার ওসি জিল্লুর রহমান জানান।

নিহত তৈজুদ্দিন ওরফে বিষু (৩৫) রাজশাহীর পবা উপজেলার নতুন মধুপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

ওসি জিল্লুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সাড়ে ১২টার দিকে মহিষ বোঝাই একটি গাড়ি নিয়ে সিটি হাটে আসেন বিষু। ওই সময় রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে মহিষগুলো নামানোর সময় রবি ও বিষুর মধ্যে কথা কাটাকাটি হয়।

“এক পর্যায়ে রবি তার হাতের লাঠি দিয়ে বিষুর ঘাড়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

খবর পেয়ে পুলিশ গিয়ে রবিকে আটক এবং বিষুর লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান তিনি।

ওসি জানান, আটক রবি দাস নগরীর বোয়ালিয়া মডেল থানার সুজানগর শিল্পীপাড়া এলাকার কোকিল দাসের ছেলে এবং সিটি হাটের লাইনম্যান।