নিষেধাজ্ঞা অমান্য: বরগুনায় ১৯ জেলেকে দণ্ড
সরকারি নিষেধ অমান্য করে ইলিশ শিকার করায় বরগুনার পাথরঘাটায় ১৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম তাদের এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন রাসেল, দুলাল, কামাল, মামুন, হাসান, পান্না, মোল্লা, জসিম উদ্দিন, সাইকুল ইসলাম, আবুল কাশেম, আবু তালেব, আয়নাল ঘরামী, স্বপন, বেলাল হোসেন, মোস্তফা কামাল, শাহজালাল, আবদুস ছালাম, আবুল বাশার, রুবেল ও আবুল হাসান।
তাদের সকলের বাড়ি পাথরঘাটার বিভিন্ন এলাকায়।
পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার সাব লেফটেনেন্ট হাসানুর রহমান জানান, সকালে সাগরে ইলিশ শিকারে যাওয়ার সময় কোস্টগার্ড সদস্যরা বিষখালী নদী সংলগ্ন লালদিয়া ও জ্বিনতলা এলাকা থেকে দুটি ট্রলার ও তিন লাখ মিটার জালসহ ২০ জেলেকে আটক করে।
“পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আবুল বাশার, রুবেল ও আবুল হাসানকে এক মাস ও বাকিদের দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।”
অপ্রাপ্তবয়স্ক হওয়ায় সরোয়ার নামে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বিক্রি ও বাজারজাতকরণ করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
