২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

শেরপুরে শহিদুল ইসলাম হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2016, 05:08 PM

Updated : 20 Aug 2022, 01:55 PM

বৃহস্পতিবার দুপুরে শেরপুরের অতিরিক্ত দায়রা জজ মো. মোসলেহ্ উদ্দিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আবুল হোসেন (৫০) সদর উপজেলার সুমি ডুবারপাড় গ্রামের বাহার উদ্দিনের ছেলে।

একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বরে জানান পিপি গোলাম কিবরিয়া বুলু।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলার নথির বরাত দিয়ে পিপি জানান, সুমি ডুবারপাড় গ্রামের ইদ্রিস আলীর সঙ্গে আসামিদের জমি জমা নিয়ে পূর্ব শত্রুতা ছিল। এই আক্রোশে ২০০৭ সালের ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে ইফতারের প্রস্ততির সময় আসামিরা লাঠিসোটা নিয়ে ইদ্রিস আলীর ছেলে শহিদুল ইসলামকে ঘেরাও করে।

“এক পর্যায়ে আবুল হোসেন লাঠি দিয়ে শহিদুলের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে ২৯ সেপ্টেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শহিদুল।”

এ ঘটনায় চারজনকে আসামি করে হত্যা মামলা করেন ইদ্রিস আলী। তদন্ত শেষে পুলিশ চারজন আসামি করে ২০০৮ সালের ২৭ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় বলে জানান তিনি।