২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকরা ছাত্রদের বিপথগামী করে তুলছে: নাহিদ

শিক্ষকরা ছাত্রদের বিপথগামী করে তুলছে মন্তব্য করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জঙ্গিবাদ প্রতিরোধে শুধু শিক্ষার্থী নয় তাদের উপরও নজরদারি বাড়াতে হবে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2016, 04:40 PM

Updated : 20 Aug 2022, 01:55 PM

বৃহস্পতিবার দুপুরে সিলেটে এক অনুষ্ঠানে তিনি বলেন, “অনেক শিক্ষক বিপথগামী হয়ে গেছেন। তারাও নিরাপদ নন, বিভ্রান্ত হয়ে জঙ্গিবাদের দিকে যাচ্ছেন।

“এ জন্য তারা সহজে ছাত্রদের বিপথগামী করে তুলছে। এ জন্য শিক্ষক ও শিক্ষার্থীর উভয়ের উপর নজরদারি রাখতে হবে।”

সিলেট শিক্ষাবোর্ড আয়োজিত ‘শিক্ষার উন্নত পরিবেশ, জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন’ শীর্ষক ওই সমাবেশে  প্রধান অথিতির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, দেশের ভাবমূর্তি নষ্ট করে দেশের সর্বনাশ করতেই একটি মহল এই জঙ্গিবাদ ছড়ানোর চেষ্টা করছে।

সরকার জঙ্গিবাদ বিরোধী সব ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে জানিয়ে তিনি বলেন, এ জন্য সামাজিক আন্দোলন ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবার সচেতনতায় দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল হবে।

সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান গোলাম কিবরিয়া তফাদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ, সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরেরর মহাপরিচালক ওয়াহেদুজ্জামান, সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসান, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ।