২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে নৌকাডুবির দুই দিন পর যুবকের লাশ

ঢাকার কেরানীগঞ্জে ধলেশ্বরী নদীতে নৌকা ডুবে নিখোঁজ হওয়ার দুই দিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2016, 03:20 PM

Updated : 20 Aug 2022, 01:55 PM

বৃহস্পতিবার সকালে উপজেলার থানার ঘাট এলাকায় নদীতে লাশটি পাওয়া যায় বলে জানান কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনসারী জিন্নাত আলী।

নিহত মো. মাসুদ (৩৭) উপজেলার বেলনা বাবুরকান্দির বাসিন্দা। এলাকায় জমি কেনাবেচায় মধ্যস্থতার কাজ করতেন তিনি।

মাসুদের বন্ধু পান্নুর বরাত দিয়ে পরিদর্শক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাসুদ ও তার বন্ধু পান্নুসহ চারজন মধুরচর থেকে মঙ্গলবার রাতে ঢালিকান্দি এলাকায় নৌকায় করে ধলেশ্বরী পার হচ্ছিলেন।

“প্রবল ঢেউয়ে নৌকা ডুবে গেলে পান্নু ও অন্য দুইজন সাঁতরে তীরে উঠতে পারলেও মাসুদ নিখোঁজ হন। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা থানার ঘাটের সামনে নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

নিহতের প্যান্টের পকেট থেকে ১১ হাজার টাকা ও গলা থেকে একটি চেইন উদ্ধার করা হয়েছে। তবে সুরতহাল প্রতিবেদনে মৃত্যুর কোনো কারণ পাওয়া যায়নি।”

এ ঘটনায় জড়িত সন্দেহে মো. পান্নু মিয়া (৩৭) ও মো. কাইয়ুম ঢালি (৩৮) নামে দুইজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।