বাউল আখড়ায় আগুন: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ফরিদপুর সদরে ‘আরশী নগরের পড়শী বাড়ি বাউল সাধু সঙ্গ আখড়া’ পুড়িয়ে দেওয়া হয়েছে অভিযোগ করে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাউলরা।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে অর্ধশত বাউল এ মানববন্ধনে অংশ নেন।
মঙ্গলবার রাতে উপজেলার মাচ্চর ইউনিয়নের পরানপুর গ্রামে বাউল সুভাষের বাড়ির ওই আখড়ায় আগুন লাগে। সে সময় সুভাষের স্ত্রী বাড়িতে একা ছিলেন। পরে স্থানীয়রা গিয়ে আগুন নেভায়।
ফরিদপুর লালন পরিষদের সাধারণ সম্পাদক পাগলা বাবলু এ ঘটনার বিচার দাবি করে বলেন, “এ দুঃখজনক ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।”
তা না হলে সারা দেশের বাউলদের সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তিনি।
স্থানীয় বাউল পাগলা বাবলু খান, ফকির নিজামউদ্দিন, সৈয়দ রেজাউল, আবুল শাহসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
