কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন ডাকাতের মৃত্যু
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক ডাকাতের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ৩টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের নিমতলায় এ ঘটনা ঘটে বলে জানান মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দিন।
নিহত আক্তারুল ইসলাম ওরফে ব্রিটিশ (৩০) উপজেলার বড়বাড়িয়া গ্রামের শামসুল হকের ছেলে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৩টার দিকে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে টহল পুলিশ অভিযান চালায়।
“পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা গুলি ছুড়তে শুরু করে এবং বোমা ফাটায়। পুলিশ ৮-১০ রাউন্ড পাল্টা গুলি ছুড়লে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে আক্তারের লাশ পাওয়া যায়।”
ঘটনাস্থল থেকে একটি বন্দুক, দুই রাউন্ড গুলি ও তিনটি গুলির খোসা উদ্ধার করেছে বলে জানান ওসি জালাল।
তিনি বলেন, আক্তারের নামে মিরপুর ও দৌলতপুর থানায় ডাকাতি, অস্ত্র ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।
