২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোহারে পদ্মার ভাঙনে আতঙ্কে কয়েক হাজার মানুষ

ঢাকার দোহারে পদ্মার তীব্র ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছে কয়েক হাজার মানুষ। ইতোমধ্যেই নদীতে বিলীন হয়েছে সাত শতাধিক বাড়ি।

আসাদুজ্জামান সুমন

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2016, 10:54 AM

Updated : 11 Oct 2022, 08:52 PM

তীব্র স্রোত অব্যাহত থাকায় ভাঙন চলছে বলে জানিয়েছেন দোহার পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ কায়কোবাদ।

সোমবার সরজমিনে মধুরচর থেকে নারিশা পশ্চিম চর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় ভাঙন ও মানুষের দুর্দশার চিত্র দেখা গেছে।

নয়াবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামীম আহমেদ  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেঘুলা বাজারের আশপাশে এ বছর প্রায় তিন কিলোমিটার এলাকায় ভাঙন চলছে। এতে কয়েকটি গ্রামের সাত শতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

নারিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সালাউদ্দিন দরানি বলেন, গত দুই মাসে সুতারপাড়া ইউনিয়নের মধুরচর থেকে নারিশা ইউনিয়নের পশ্চিমচর পর্যন্ত কয়েকটি গ্রামের সাত শতাধিক বাড়িঘর বিলীন হয়ে গেছে।

“এ বছর মেঘুলা এলাকার ৩৮২টি বাড়িঘর নদীগর্ভে চলে গেছে। এখন তীব্র ভাঙনের মুখে মেঘুলা বাজার এলাকা। এছাড়া গত তিন বছরে নারিশা ইউনিয়নের রানীপুর গ্রাম সম্পূর্ণ বিলীন হওয়ায় পাঁচ হাজারের বেশি বাড়িঘর নদীগর্ভে চলে গেছে।”

মধুরচর এলাকার বাসিন্দা ৭০ বছর বয়সী মো. ফয়জুল বেপারী বলেন, গত তিন বছরে মধুরচর গ্রামের তিন-চতুর্র্থাংশ বিলীন হয়ে গেছে। দুই বছর আগে পদ্মার ভাঙনে আমার পুরান বাড়ি ও ফসলি জমি নদীগর্ভে চলে যাওয়ার পর মধুরচরে নতুন বাড়িতে পরিবার নিয়ে থাকি।

“এখন এ বাড়িও এ বছর পদ্মার ভাঙনে হুমকির মুখে।”

ভিটেমাটি হারানো আলাউদ্দিন বলেন, “আমরা আজ নিঃস্ব। অতি দুঃখকষ্টের মধ্যে জীবনযাপন করলেও আমাদের খোঁজ নেওয়ার জন্য কেউ আসে না। অথচ নির্বাচন আসলে নদী ভাঙনকে পুঁজি করে বড় বড় প্রতিশ্রুতি দেয়। নির্বাচন শেষ হয়ে গেলে আর কারও খবর থাকে না।”

শিমুলিয়ার বাসিন্দা ৬৫ বছরের মো. হাবিবুর রহমান বলেন, গত তিন বছরে মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩০টি মসজিদ, ৮টি সেতু, একটি কবরস্থান ও হাজার হাজার পরিবারের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

কথা বলতে বলতে কেঁদে ফেলেন ৫২ বছরের আব্দুল মান্নান।

“কয়েক বছর আগেই পদ্মা আমার সবকিছু শেষ করে আমাকে নিঃস্ব করে গেছে। এখন ভাড়া বাড়িতে অতিকষ্টে কোনো রকমে পরিবার নিয়ে বেঁচে আছি।”

ভাঙন প্রতিরোধের জন্য শিগগিরই কাজ শুরু হবে বলে জানিয়েছেন দোহার পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ কায়কোবাদ।

তিনি বলেন, ইতোমধ্যেই টেন্ডার হয়েছে। ঠিকাদারও নিয়োগ হয়েছে। কিন্তু তীব্র স্রোত থাকায় কাজ শুরু করা সম্ভব হচ্ছে না।

নভেম্বর নাগাদ স্রোত কমে গেলে কাজ শুরু হতে পারে বলে তিনি জানান।