জঙ্গি বিরোধী অভিযান চলবে: পুলিশ প্রধান
জঙ্গি বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক ।
সোমবার বিকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দের রাজঘাট এলাকায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
গত জুলাইয়ের গুলশান হামলা পর থেকে জঙ্গি বিরোধী অভিযান জোরদার করে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। ইতোমধ্যে রাজধানীর কল্যাণপুর, আজিমপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল ও আশুলিয়ায় চালানো অভিযানে ‘নব্য জেএমবির’ বেশ কয়েকজন সদস্য নিহত হয়।
শহীদুল হক বলেন, “পুলিশের অনেক কাজের পাশাপাশি জঙ্গি বিরোধী অভিযানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। যারা জঙ্গিবাদের সঙ্গে জড়িত তাদের কাছে ম্যাসেজ চলে গেছে এদেশে জঙ্গিবাদের কোন ঠাঁই নেই।
“নব্য জেএমবির বাংলাদেশের প্রধান তামিম চৌধুরী নিহত হলেও জঙ্গি বিরোধী অভিযান অব্যাহত থাকবে ।”
জঙ্গিদের অর্থের উৎসও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশ প্রধান।
এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হক প্রমুখ তার সঙ্গে উপস্থিত ছিলেন।
