২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত খুন: তদন্ত কর্মকর্তাকে জেরা সম্পন্ন

নারায়ণগঞ্জে সাত খুনের দুই মামলার তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডলকে আসামিপক্ষের জেরা সম্পন্ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2016, 07:04 PM

Updated : 20 Aug 2022, 01:53 PM

সোমবার সকাল বেলা পৌনে ১টা পর্যন্ত জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে ১০ আসামির আইনজীবীরা তাকে জেরা করেন।

জেরা শেষে আদালত আগামী ২৪ অক্টোবর আসামিপক্ষ ফৌজদারী কার্য বিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন এবং পরীক্ষার জন্য তারিখ রাখে বলে জানান পিপি ওয়াজেদ আলী খোকন।

এর আগে পাঁচ কার্য দিবসে মামলার প্রধান আসামি নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৫ আসামির আইনজীবী তদন্ত কর্মকর্তাকে জেরা করেন।

এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কাশিমপুর কারাগার থেকে মামলার প্রধান আসামি নূর হোসেন, র‌্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন ও এম এম রানাসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। জেরা শেষে তাদের আবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

পিপি বলেন, তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্রে ১২৭ জনের নাম উল্লেখ করলেও সাক্ষী দিয়েছেন ১০৬ জন। রাষ্ট্রপক্ষে তদন্তকারী কর্মকর্তাই ছিলেন শেষ সাক্ষী।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাসহ ৭ জনকে অপহরণের তিন দিন পর তাদের লাশ উদ্ধার করা হয়।

ওই ঘটনায় প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তার ৪ সহযোগী হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি এবং সিনিয়র আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ির চালক ইব্রাহিম হত্যার ঘটনায় জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে একটি মোট ফতুল্লা মডেল থানায় দুটি মামলা দায়ের করেন।

এ দুই মামলায় ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়েছে।