২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে দুই জেএমবি সদস্যকে ২০ বছর কারাদণ্ড

বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় নারায়ণগঞ্জে দুই জেএমবি সদস্যকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2016, 02:48 PM

Updated : 20 Aug 2022, 01:53 PM

সোমবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত ও বিশেষ ট্রাইবুনাল-৭ এর বিচারক মোসাম্মাৎ কামরুন নাহার আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন বন্দর উপজেলার ফরাজীকান্দার সরদারবাড়ীর মৃত কামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম ও একই এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মাহবুব।

একইসঙ্গে আদালত তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দিয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাসমীন আহমেদ।

মামলার নথির বরাত দিয়ে তিনি বলেন, র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা বিভাগের একটি দল ২০০৬ সালের ২৯ ডিসেম্বর টাঙ্গাইলের বায়না বাইপাস সড়ক থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ জেএমবি সদস্য সাইফুলকে গ্রেপ্তার করে।

“পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ২০০৭ সালের ৭ জানুয়ারি রাতে তাকে নিয়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ফরাজীকান্দায় মাহবুবের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। অভিযানে ২১টি দেশে তৈরি হ্যান্ডগ্রেনেড, পাওয়ারজেল ও তিনটি জিহাদী বইসহ মাহবুবকে গ্রেপ্তার করা হয়।”

এ ঘটনায় পরদিন র‌্যাব-১১ এর উপসহকারী পরিচালক (ডিএডি) আবদুস সালাম বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনের ৪ ও ৫ ধারায় মাহবুব ও সাইফুল ইসলামকে আসামি করে বন্দর থানায় মামলা করেন।

তদন্ত শেষে ২০০৭ সালের ৭ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০০৯ সালের ১৫ ফেব্রুয়ারি মামলার বিচার শুরু হয় বলে জানান তিনি।

এপিপি জাসমীন বলেন, সাইফুল কোনো আইনজীবী নিয়োগ না দিয়ে মামলা নিজেই পরিচালনা করেন। আর মাহবুবের পক্ষে বিভিন্ন শুনানিতে বিভিন্ন আইনজীবী অংশ নিলেও রায় ঘোষণার সময় কেউ ছিলেন না।