২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে জেএমবি সদস‌্যের ১৪ বছর কারাদণ্ড

অস্ত্র ও সন্ত্রাস বিরোধী আইনের মামলায় চাঁপাইনবাবগঞ্জে এক জেএমবি সদস্যকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2016, 02:29 PM

Updated : 12 Apr 2022, 03:02 AM

চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইব্যুন্যাল-২-এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান সোমবার আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল মুনিব (২৫) শিবগঞ্জ উপজেলার কয়লারদিয়াড় গ্রামের আজমল হকের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী যোবরুল হক বলেন, ২০০৯ সালের ১৪ জুন মমিন নামে এক জেএমবি সদস্যকে গুলি ও জিহাদি বইসহ শিবগঞ্জ উপজেলার খড়গপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ।

“মমিনের স্বীকারোক্তি অনুযায়ী ওই বছর ১৮ জুন রাতে অপর জেএমবি সদস্য মুনিবের বাড়িতে অভিযান চালিয়ে একটি শুটার গান ও তিন রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়।”

এ ঘটনায় এসআই মিজানুর রহমান বাদী হয়ে মুনিবের বিরুদ্ধে ওই দিনই শিবগঞ্জ থানায় অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে মামলা করেন।

ওই বছরই ৮ জুলাই মুনিবের বিরুদ্ধে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিদ্দীক আদালতে অভিযোগপত্র দেন বলে জানান আইনজীবী যোবরুল।

তিনি বলেন, সাত বছরের আইনি প্রক্রিয়া শেষে বিচারক মো. জিয়াউর রহমান মুনিবকে তার উপস্থিতিতে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।