২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গাপূজায় মাছ ধরার উৎসব

দুর্গাপূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার টাঙ্গন নদীতে মাছ ধরার উৎসব উদযাপন করেছেন হিন্দু সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ঠাকুরগাঁও প্রতিনিধি

মো. শাকিল আহমেদ,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2016, 01:47 PM

Updated : 11 Oct 2022, 08:51 PM

উপজেলার দৌলতপুর ইউনিয়নের বনুয়াপাড়া এলাকার টাঙ্গন নদীতে সাগুনী ব্রিজের কাছে রোববার সকালে এ উৎসব দেখা যায়।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কার্তিক চন্দ্র রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিবছর দুর্গাপূজার সময় এখানে মেলা জমে যায়।

“শহরসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষ এখানে মাছ ধরার জন্য ভিড় জমায়। পানিতে যখন জাল পড়তে থাকে, দৃশ্য দেখে মন ভরে যায়।”

সরজমিনে দেখা গেছে, মাছ ধরার জন্য গ্রাম ও শহরের শত শত মানুষ ব্যস্ত। নারী ও শিশুসহ বৃদ্ধরাও রয়েছেন এ দলে। সবার হাতে পলো বা চাবিজাল, খেয়াজাল, টানাজাল বা ছেঁকাজাল ও মাছ রাখার খালুই।

যাদের মাছ ধরার সরঞ্জাম নেই তারাও বসে নেই। খালি হাত দিয়েই নদীতে মাছ খুঁজছে। মাছ ধরার এ আয়োজন ঘিরে সাগুনী ব্রীজ এলাকা মিলনমেলায় পরিণত হয়। মাছ ধরা দেখার জন্য নদীর চারপাশে ভিড় জমায় অসংখ্য মানুষ।

দিনাজপুরের সেতাবগঞ্জ থেকে আসা সামিউল ইসলাম বলেন, ভোর থেকে তিন ভাই মাছ ধরতে এসেছেন। সকাল ১০টা পর্যন্ত তিনি প্রায় ৭ কেজি মাছ ধরেছেন। মাছের মধ্যে রয়েছে ট্যাংরা, পুঁটি, শিং, তেলাপিয়া, জাপানি রুই, টেরিকা, কৈ, মাগুর, শোল প্রভৃতি।

বীরগঞ্জ থেকে আসা সমশের মিয়া বলেন, প্রচুর মাছ ধরা পড়ছে। মাছ যেমনই হোক, আনন্দটাই বেশি।

ঠাকুরগাঁও শহর থেকে মাছ কিনতে এসেছেন আলিমুদ্দীন।

“মাছ ধরার কথা শুনেই চলে এসেছি কেনার জন্য। এক কেজি ট্যাংরা কিনলাম ১৫০ টাকায়। কেনার চেয়ে মাছ ধরা দেখে মন ভরে যায়।”