আশুলিয়ায় বাসের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু
ঢাকার সাভার উপজেলায় বাসের ধাক্কায় এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন এক যাত্রী।
উপজেলার বলিভদ্র বাজারে রোববার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সাভার হাইওয়ে থানার ওসি জাহিদুল ইসলাম।
সোমবার দুপুর পর্যন্ত পুলিশ নিহতের পরিচয় উদ্ধার করতে পারেনি।
ওসি স্থানীয়দের বরাত দিয়ে বলেন, অটোরিকশাটি বলিভদ্র বাজারে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী ডিপজল পরিবহনের একটি দূরপাল্লার বাস পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিকশা চালকের মৃত্যু হয়।
দুর্ঘটনাস্থলে আগে থেকে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি আহত হলে তাকে বলিভদ্র বাজার এলাকার হাবিব ক্লিনিকে ভর্তি করা হয় বলে জানান ওসি। তবে তিনি তার পরিচয় বলতে পারেনি।
পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি জাহিদুল।
