২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ৯ চিকিৎসকের বিরুদ্ধে পরোয়ানা

সাক্ষ্য দিতে হাজির না হওয়ায় যশোর সদর হাসপাতালের নয় চিকিৎসকের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে আদালত।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2016, 09:13 PM

Updated : 11 Oct 2022, 08:51 PM

রোববার যশোর বিশেষ জজ নিতাই চন্দ্র এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী এসএম বদরুজ্জামান পলাশ জানিয়েছেন।

এরা হলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সাখাওয়াত হোসেন রনো, এমএ মতিন, এটিএম জাহিদুল ইসলাম, সামছুল হাসান দোদুল, হাসান মাহমুদ হাদী, মোসফেকুর রহমান, আবু সাঈদ, আবু ইসাহাক হোসেন ও মনির হাসান।

পিপি বদরুজ্জামান বলেন, ১৯৯৬ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত হত্যা ও জখমি সনদপত্র বিতরণকারী যশোর সদর হাসপাতালের নয় চিকিৎসককে সাক্ষ্য দেওয়ার জন্য একাধিকবার ডাকে আদালত। কিন্তু এই চিকিৎসকরা আদালতে হাজির হননি।

মামলা নিস্পত্তি করতে সমস্যা হওয়ায় রোববার দুপুরে আদালত তাদের বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বলে জানান তিনি।

পরোয়ানা রোববার বিকালে হাসপাতালে পৌঁছেছে বলে জানিয়েছেন সদর হাসপাতালের উপ-পরিচালক শ্যামল কৃষ্ণ সাহা।  

নয় চিকিৎসকদের মধ্যে সাখাওয়াত হোসেন রনো ও হাসান মাহমুদ হাদী চাকরি ছেড়ে বিদেশে অবস্থান করছেন।

আবু ইসাহাক, এমএ মতিন, এটিএম জাহিদুল ইসলাম ও সামছুল হাসান দোদুল অবসরে গিয়েছেন, বাকিরা কর্মরত আছেন বলে জানান উপ-পরিচালক শ্যামল।