টাঙ্গাইলে নিহত ২ ‘জঙ্গির’ ময়নাতদন্ত সম্পন্ন
টাঙ্গাইলে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত সন্দেহভাজন দুই জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
তাছাড়া রোববার সন্ধ্যা পর্যন্ত তাদের খোঁজ নিতে স্বজনদের কেউ আসেনি বলে টাঙ্গাইল মডেল থানার ওসি নাজমুল হক ভুইয়া জানিয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল পৌর এলাকার কাগমারায় মির্জাবাড়ির মাঠের কাছে তিনতলা একটি ভবনে চলা অভিযানে সন্দেহভাজন দুই জঙ্গি রাজশাহীর চারঘাটের আতিকুর রহমান ও সাগর হোসাইন নিহত হন।ওই বাড়ি থেকে চাপাতি, পিস্তল, গুলি, ল্যাপটপ, মোবাইল ও ৬৬ হাজার ৯৮৫ টাকা উদ্ধার করা হয়।
ওসি নাজমুল বলেন, “রোববার সন্ধ্যা পর্যন্ত দুই জঙ্গির খোঁজ নেননি স্বজনদের কেউ। ময়নাতদন্ত শেষে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে তাদের লাশ রাখা হয়েছে।”
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
ময়নাতদন্তকারী টাঙ্গাইল মেডিকেল কলেজের চিকিৎসক আব্দুল ছোবহান জানান, দুই জঙ্গির শরীরেই তিনটি করে গুলির চিহ্ন রয়েছে। গুলিগুলো শরীর ভেদ করে ফুটো হয়ে বের হয়ে গেছে।
তবে আরেক জঙ্গির হাতেও একটি গুলির চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
ঘটনার পরপর আটক বাড়ির মালিক আজহারুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য এখনও আটক রাখা হয়েছে বলে জানিয়েছেন ওসি নাজমুল।
