২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ৪ ডাকাত আটক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক বাড়িতে ডাকাতির পর আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2016, 04:12 PM

Updated : 20 Aug 2022, 01:53 PM

রোববার উপজেলার বাঁশবাড়িয়া গ্রাম থেকে তাদের আটক করা হয় বলে জানান টুঙ্গিপাড়া থানার ওসি মো. মাহামুদুল হক।

এরা হলেন ওই গ্রামের মনিরুজ্জামান সিকদারের ছেলে মো. হাসিবুর সিকদার (২৯), আশরাফ আলী তালুকদরের ছেলে আনিচ তালুকদার (২৮), ওমর তালুকদারের ছেলে মো. নাঈম তালুকদার (১৯) ও তহম তালুকদারের ছেলে মো. রেজাউল তালুকদার (২৬)।

উপজেলার লেবুতলা গ্রামের সদানন্দ বাড়ৈর বাড়িতে ডাকাতির ঘটনায় এদের আটক করা হয়েছে বলে জানান তিনি।

সদানন্দের ভাই বিমল বাড়ৈ বলেন, ১৫ দিন আগে তার বড় ভাই সদানন্দ বাড়ৈ মারা গেছেন। শনিবার তার শ্রাদ্ধ থাকায় বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসে।

“এ সুযোগে শনিবার রাত সাড়ে ৩ টার দিকে ৮/১০ জন ডাকাত দল বাড়িতে হামলা করে। তারা বাড়ির লোকজনকে মারধর করে অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও  নগদ টাকা লুটে নেয়।”

এ ঘটনায় থানায় অভিযোগ করার পর পুলিশ চার জনকে আটক করেছে বলে জানান তিনি।

ওসি বলেন, “আটক চার জন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য । তারা লেবুতলা গ্রামের মৃত সদানন্দর বাড়িতে হামলা করে ডাকাতির কথা স্বীকার করেছে।”