বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
বগুড়া শহরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ‘হিন্দু’ নারীর মৃত্যু হয়েছে।
রোববার সকাল ৭টায় সরকারি আজিজুল হক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বগুড়া রেলওয়ে ফাঁড়ির ওসি মো. শহিদুল ইসলাম।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে বলেন, আনুমানিক ৪০ বছর বয়সী ওই নারী সকালে রেললাইনের ওপর দাঁড়িয়ে ছিলেন। সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি বারবার হুইসেল দিলেও তিনি সরেননি।
“এ সময় তার সঙ্গে আর কেউ ছিল না। তার কাছে কোনো জিনিপত্রও পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। কপালে সিন্দূর থাকায় তাকে হিন্দু বলে মনে করা হচ্ছে।”
লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
