২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ব‌্যক্তির মৃত‌্যু

কুষ্টিয়া সদরে ১৬ দিন আগে আওয়ামী লীগের দুই পক্ষের আধিপত‌্য বিস্তারের সংঘর্ষে আহত এক ব‌্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2016, 01:10 PM

Updated : 11 Oct 2022, 08:51 PM

পুরনো খবর:

কুষ্টিয়ায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ২

রোববার সকাল ৮টায় রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন আকাম উদ্দিনের (৬০) মৃত‌্যু হয় বলে তার ভাতিজা ছমির উদ্দিন জানিয়েছেন।

ইসলামী বিশ্ববিদ‌্যালয় থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন, তারাও আকাম উদ্দিনের মৃত‌্যুর খবর শুনেছেন।

এ নিয়ে সংঘর্ষের ওই ঘটনায় মৃত‌্যের সংখ‌্যা তিনজন হলো।

গত ২৪ সেপ্টেম্বর সকালে ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া গ্রামে বর্তমান চেয়ারম্যান কেরামত আলী ও সাবেক চেয়ারম্যান বখতিয়ারের সমর্থকদের মধ‌্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। কেরামত ও বখতিয়ার দুজনই আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত।

সংঘর্ষে ইমান আলী ও শাহাবুদ্দিন নামের দুই নিহত হন। সংঘর্ষের সময় ২০/২৫টি বাড়ি ভাংচুর ও লুটপাট হয়।

ছমির উদ্দিন জানান, সংঘর্ষের পর তার চাচা আকাম উদ্দিনকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

“পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন‌্য তাকে রাজশাহী মেডিকেলে পাঠান। রোববার সেখানেই চাচা মারা যান।”

আকাম উদ্দিনের মৃত‌্যুর পর যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি শফিকুল জানিয়েছেন।