অস্ত্রোপচারের জন্য গাইবান্ধার জোড়া জমজ ঢাকায়
গাইবান্ধার এক গ্রামে সদ্য জন্ম নেওয়া জোড়া জমজকে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করতে ঢাকায় পাঠানো হয়েছে।
গাইবান্ধার সিভিল সার্জন নির্মলেন্দু চৌধুরী বলেন, কোমরের কাছে জোড়া লেগে থাকা দুই নবজাতককে বৃহস্পতিবার সদর হাসপাতালের আনা হলে তাদের ঢাকায় নিতে বলা হয়।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কাশদহ গ্রামে স্থানীয় ধাত্রীর সহযোগিতায় মেয়ে শিশু দুটির জন্ম হয়। ওই গ্রামের কৃষক রাজু মিয়া ও সাহিদা বেগম তাদের মা-বাবা।
তারা সুস্থ রয়েছে জানিয়ে সিভিল সার্জন বলেন, “শিশুদের প্রস্রাব-পায়খানার রাস্তা একটি করে। অন্য সব অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিক রয়েছে।
“জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তাদের পৃথক করা যেতে পারে। সেজন্যই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বলা হয়।”
শনিবার শিশুদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন কাশদহ গ্রামের পল্লী চিকিৎসক সোলেমান বাদশা।
