২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বাস উল্টে চালকের মৃত্যু

রংপুরের কাউনিয়া উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বাস উল্টে চালকের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও ১৩ জন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2016, 04:55 PM

Updated : 20 Aug 2022, 01:52 PM

চালক ঘুমিয়ে পড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে এক যাত্রী অভিযোগ করেছেন।

কাউনিয়া থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, শনিবার সকাল ১০টায় উপজেলার বেইলি সেতুর কাছে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক পলাশ মিয়া (৩০) কুড়িগ্রামের পাঁচগাছী এলাকার বাসিন্দা।

ওসি যাত্রীদের বরাত দিয়ে বলেন, ঢাকা থেকে যাত্রী নিয়ে সাদ্দাম পরিবহন নামের বাসটি কুড়িগ্রামের নাগেশ্বরীতে যাচ্ছিল।

“বেইলি সেতু পার হওয়ার পর বাসটি সড়কের পাশের একটি গাছে ধাক্কা খেয়ে পাশের ধানক্ষেতে উল্টে পড়লে চালক ঘটনাস্থলেই মারা যান।”

এ সময় ১৩ জন আহত হন বলে জানান ওসি।

তিনি বলেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

রংপুর মেডিকেলের সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় বেলা ৪টা পর্যন্ত চিকিৎসাধীন তিন যাত্রীর জ্ঞান ফেরেনি।

আহত যাত্রী আব্দুর রশীদ অভিযোগ করেন, চালক পলাশ ঘুমে টলছিলেন। রাস্তায় অন্য গাড়িকে সাইড দিতে গিয়ে কয়েকবার দুর্ঘটনার উপক্রম হয় বাসটি।