বগুড়ায় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত
বগুড়ার শাজাহানপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে উপজেলার মাঝিড়া বন্দরের বাইপাস মোড়ে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন উপজেলার সুজাবাদ এলাকার শফিকুল (৩৫) ও তার স্ত্রী মোছা. মুক্তা (২৭)।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির (ছিলিমপুর) ইনচার্জ এসআই শাহ আলম।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন, ঢাকাগামী বাসটি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিয়ে একটি টেম্পুকে ধাক্কা দেয়।
“এতে মোটরসাইকেল আরোহী শফিকুল ঘটনাস্থলেই নিহত হন। আহত হয় তার স্ত্রী মুক্তা ও তিন টেম্পু যাত্রী।”
তাদের হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মুক্তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
