বদরুলের নৃশংসতায় অবাক তার মা
সিলেটে সরকারি মহিলা কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে জখম করার ঘটনায় অবাক হামলাকারী বদরুল আলমের মা দিলারা বেগম। ছেলে এমন নৃশংস কাজ করতে পারে বলে বিশ্বাস করতে পারছেন না তিনি।
সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মুনিরজ্ঞাতি গ্রামে বদরুলের বাড়িতে গিয়ে বৃহস্পতিবার দেখা যায়, ছেলের খবর শোনার পরই অসুস্থ হয়ে পড়েছেন দিলারা বেগম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বদরুল কেন এ কাজ করল বুঝলাম না। তাকে অনেক কষ্ট করে লেখাপড়া করিয়েছি। মনে করেছিলাম, এক দিন সে অনেক বড় হবে। কিন্তু সে সব স্বপ্ন ধংস করে দিল।”
দোষী হলে ছেলের বিরুদ্ধে আদালত যে শাস্তি দেবে, তা মেনে নেবেন বলে জানান বদরুলের মা।
চার ভাই ও এক বোনের মধ্যে বদরুল দ্বিতীয়। কয়েকমাস আগে মারা গেছেন তার বাবা। ছেলে-মেয়েদের মধ্যে বদরুলই সবচেয়ে মেধাবী ছিলেন বলে জানান দিলারা।
বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে পড়েন। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় কমিটির সহ-সম্পাদক তিনি।
গত সোমবার সিলেট এমসি কলেজ প্রাঙ্গণে খাদিজাকে কুপিয়ে গ্রেপ্তার হওয়ার পর বদরুলের খোঁজ-খবর রাখছেন না বলে দাবি করেছে তার পরিবার।
ছোট ভাই খালেদ হোসেন বলেন, “আমরা দরিদ্র। বড় ভাইকে অনেক কষ্ট করে পড়তে হয়েছে। তার এই কাজ করা ঠিক হয়নি।
“ঘটনার পর তার কোনো খোঁজ-খবর আমরা নেইনি। আইনি সহায়তার জন্য তার পাশে দাঁড়াব না।”
চাচা মুহিবুল ইসলাম বলেন, “সারা দেশের মানুষ দেখেছে বদরুল মেয়েটাকে কীভাবে কুপিয়েছে। গরুকে কোরবানির সময়ও মানুষ এভাবে কোপায় না।
“আমি তার শাস্তি দাবি করি। সে আমাদের অনেক ছোট করেছে।”
গ্রেপ্তার বদরুল আলম
পাশের জেলায় বিশ্ববিদ্যালয়ে পড়ার সঙ্গে নিজের উপজেলা ছাতকের আলহাজ্ব আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করতেন বদরুল। গত ৪ অক্টোবরের ঘটনার পর স্কুল থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মখলিছুর রহমান বলেন, “বছর দুয়েক আগে সে আমাদের বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেয়। এমসি কলেজের ঘটনার পর দিন তাকে বরখাস্ত করা হয়েছে।”
বদরুলকে আসামি করে সিলেটের শাহ পরাণ থানায় মামলা করেছেন খাদিজার চাচা আব্দুল কুদ্দুস। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিষ্কার করেছে বদরুলকে।
আহত খাদিজা এখন ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বদরুল ক্ষিপ্ত হয়ে খাদিজার উপর হামলা করেন বলে পুলিশ জানিয়েছে।
