২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে চাঁদার দাবিতে প্রবাসীকে কুপিয়ে জখম

ফেনীর দাগনভূইয়ায় চাঁদার দাবিতে এক প্রবাসী যুবককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2016, 04:43 PM

Updated : 20 Aug 2022, 01:51 PM

বৃহস্পতিবার সকালে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের অলাতলী বাজারে এ ঘটনায় আহত আবদুল হামিদকে (৩২) ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামিদের শ্বশুর মো. মহিউদ্দিন বলেন, সম্প্রতি তার মেয়ের জামাই সৌদিআরব থেকে দেশে ফেরার পর থেকে তার প্রতিবেশী সাইদুল হক কাজলও তার ভাড়াটে সন্ত্রাসীরা তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। হামিদ ৫০ হাজার টাকা দিলে আরও টাকা দাবি করেন তারা।

“হামিদ আর কোনো টাকা দিতে পারবে না জানালে সকালে কাজলও তার লোকজন হামিদকে বাসা থেকে ডেকে নিয়ে গিয়ে তার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে হামিদের মাথায় চাপাতি দিয়ে এলাপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়।”

খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে দাগনভূইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফেনী সদর হাসপতালে পাঠানো হয় বলে জানান তিনি।

এ বিষয়ে আবদুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাজল দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে।”

তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা থাকলেও পুলিশ তাকে গ্রেপ্তারে কোন ব্যবস্থা নিচ্ছেনা বলে অভিযোগ করেন তিনি।

তবে অভিযোগ এড়িয়ে গিয়ে দাগনভূইয়া থানার ওসি আসলাম উদ্দিন বলেন, “দুর্বৃত্তের হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন বলে শুনেছি। ক্ষতিগ্রস্তরা থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তবে এ বিষয়ে কাজলের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তিনি একই এলাকার আবদুল হকের ছেলে।