নারায়ণগঞ্জে ৭ খুন: তদন্ত কর্মকর্তাকে পঞ্চম দিনের জেরা
নারায়ণগঞ্জে সাত খুনের দুটি মামলায় তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডলকে আসামিপক্ষের আইনজীবীরা পঞ্চম দিনের মতো জেরা করেছেন।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টা থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত তদন্ত কর্মকর্তাকে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে ২৩ আসামির উপস্থিতিতে জেরা করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদ আলী খোকন বলেন, আসামি ল্যান্স নায়েক হীরা মিয়া, কর্পোরাল রুহুল আমিন, পলাতক আসামি কর্পোরাল মোখলেছুর রহমান, সিপাহি আব্দুল আলীম ও মহিউদ্দিন মুন্সীর পক্ষে তদন্ত কর্মকর্তাকে জেরা করেন আইনজীবী সেলিনা ইসলাম।
“এরপর পলাতক আসামি এএসআই কামাল হোসেন ও কনস্টেবল হাবিবুর রহমানের পক্ষে জেরা করেন আইনজীবী আরিফ হোসেন।”
এর আগে তিনটি শুনানিতে মামলার প্রধান আসামি নূর হোসেনসহ র্যাবের চাকরিচ্যুত তিন কর্মকর্তা এমএম রানা, তারেক সাঈদ ও আরিফ হোসেনের পক্ষে তদন্ত কর্মকর্তাকে জেরা করা হয় বলে জানান আইনজীবী ওয়াজেদ।
আদালত মামলার পরবর্তী তারিখ ১০ অক্টোবর নির্ধারণ করেছে বলেও তিনি জানান।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজন নিখোঁজ হন। এর তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
ঘটনার পর নজরুল ইসলাম ও তার চার সহযোগী হত্যার ঘটনায় নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি এবং আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় চন্দনের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে আরেকটি মামলা করেন ফতুল্লা মডেল থানায়।
প্রায় এক বছর তদন্ত শেষে ৩৫ জনকে আসামি করে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল।
বর্তমানে ৩৫ আসামির মধ্যে ১২ জন পলাতক রয়েছেন; যাদের ৮ জনই র্যাব সদস্য।
