গোপালগঞ্জে স্কুলে সাপ আতঙ্ক
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে সাপের আতঙ্কে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে।
উপজেলার হাতিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই আতঙ্ক দেখা দিয়েছে বলে বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
বিদ্যালয়ের দপ্তরি হিমন্ত মৌলিক বলেন, সোমবার দুপুরে প্রধান শিক্ষকের টেবিলের নিচে একটি গোখরা সাপ দেখা যায়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সাপটি মেরে ফেলা হয়।
“গত দুই দিনে ছয়টি সাপ মেরেছি। এ পর্যন্ত ২০ থেকে ২৫টি বিষধর গোখরা মারা হয়েছে। বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রায়ই গোখরা দেখা যাচ্ছে। ফলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে ভয় পাচ্ছে। অনেক শিক্ষার্থীর বাড়ি গিয়ে বুঝিয়ে আনা হচ্ছে।”
অভিভাবক মনীষ কান্তি বিশ্বাস বলেন, “সাপের আতঙ্কে ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে সাহস পাচ্ছি না। মাঝেমধ্যেই স্কুলের শিক্ষক-কর্মচারীরা সাপ মারছেন।”
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী চয়ন বলল, “আমাদের স্কুলে অনেক সাপ। তাই স্কুলে আসতে ভয় লাগে।”
সরজমিনে দেখা গেছে, বিদ্যালয়টির তিন পাশে পুকুর। শ্রেণিকক্ষের মেঝের নিচ থেকে মাটি সরে ফাঁকা হয়ে গেছে। মেঝে ভেঙে গেছে কোথাও কোথাও। সেখান দিয়ে সাপ উঠে এসে শ্রেণিকক্ষে ঘোরাফেরা করে বলে শিক্ষার্থীরা জানিয়েছে।
চার বছর ধরে বিদ্যালয়টিতে সাপের উপদ্রব দেখা যাচ্ছে বলে শিক্ষকরা জানান।
হাতিয়াড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য রিকো বিশ্বাস বলেন, বিদ্যালয়ের ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। তাই এটি সাপের অভয়াশ্রমে পরিণত হয়েছে।
সংস্কার করা হলে সাপের উপদ্রব কেটে যাবে বলে তিনি মনে করেন।
প্রধান শিক্ষক খুকু রানী বাছাড় বলেন, “কার্বলিক এসিড ছিটিয়েও সাপের উপদ্রব ঠেকাতে পারছি না। বিষয়টি আমরা কাশিয়ানী উপজেলা শিক্ষা অফিসারকে জানিয়েছি।”
