টাম্পাকোর উদ্ধার মালামাল চুরি, থানায় মামলা
গাজীপুরের টঙ্গীতে টাম্পাকো ফয়েলসে অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার মালামাল চুরির অঘিযোগে থানায় মামলা হয়েছে।
কারখানার এক নিরাপত্তাকর্মী বাদী হয়ে মঙ্গলবার রাতে টঙ্গী থানায় এ মামলাটি দায়ের করেন বলে পুলিশ জানিয়েছে।
মামলার বরাত দিয়ে টঙ্গী থানার ওসি মো. ফিরোজ তালুকদার সাংবাদিকদের জানান, টাম্পাকোর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া কিছু মালামাল টঙ্গীর পাগার ও আশেপাশে খোলা আকাশের নিচে রাখা হয়। সেখানে রক্ষিত তামা ও লোহাসহ মূল্যবান কিছু মালামাল রাতের আঁধারে গত কয়েকদিন ধরে কে বা কারা চুরি করে নেয়।
“এ বিষয়টি কারখানা কর্তৃপক্ষ জানলে গত মঙ্গলবার রাতে টঙ্গী থানায় একটি চুরি মামলা করেন কারখানার প্রধান নিরাপত্তাকর্মী লূৎফর রহমান।”
টঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, মালামাল চুরির ঘটনায় কারখানার প্রধান নিরাপত্তাকর্মী লূৎফর রহমান বাদী হয়ে বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান জানান, গত ১০ সেপ্টেম্বর সকালে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পর টাম্পাকো ফয়েলস কারখানাটি ধসে পড়ে ও দগ্ধ হয়ে ৩৯ জন নিহত ও অন্তত ৪০ জন আহত হন। নিখাঁজ রয়েছেন কারখানার আরও ১১ কর্মী।
ঘটনার পর ফায়ার সার্ভিস ও সেনাসদস্যরা ধ্বংসস্তূপ অপসারণ ও উদ্ধার অভিযান শুরু করেন। পরে সিটি করপোরেশনের সহায়তায় উদ্ধার হওয়া রডসহ ধ্বংসস্তূপের সঙ্গে বিভিন্ন মালামাল টঙ্গীর নিমতলী ও পাগার এলাকায় রাখা হচ্ছে।
