২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক ব্যবসায়ীর সাড়ে তিন লাখ টাকা ও এগারোটি মোবাইল ফোন সেট লুট করেছে ছিনতাইকারীরা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2016, 05:54 PM

Updated : 20 Aug 2022, 01:51 PM

মঙ্গলবার রাতে গিমাডাঙ্গা চরপাড়ায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত সন্দেহে বুধবার সকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ওই তিনজনসহ ১০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় মামলা করেছেন ওই ব্যবসায়ী।

গ্রেপ্তাররা হলেন গিমাডাঙ্গা গ্রামের তরিকুল ইসলাম (২১), মো. বাচ্চু শেখ (৫৩) ও কাবুল শেখ (২০)।

টুঙ্গিপাড়া থানার ওসি মো. মাহামুদুল হক জানান, মঙ্গলবার রাতে গিমাডাঙ্গা নতুন বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী শেখ ছলিমুল্লাহ ছনু দোকান বন্ধ করে টাকা ও মোবাইল ফোন সেট নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। 

মামলার বরাত দিয়ে ওসি বলেন, গিমাডাঙ্গা চরপাড়ায় একদল লোক রাস্তায় গাছ ফেলে তার গতিরোধ করে। পরে হাত-পা ও মুখ বেঁধে তাকে পাশের বাগানে নিয়ে নগদ তিন লাখ ৫০ হাজার টাকা ও ১১টি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়।

সকালে গিমাডাঙ্গা গ্রামে নিজ নিজ বাড়ি থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।