২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বজ্রপাতের সময় ট্রলারযাত্রী নদীতে পড়ে নিখোঁজ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বজ্রপাতের সময় এক ট্রলারযাত্রী নদীতে পড়ে নিখোঁজ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুইজন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2016, 11:55 AM

Updated : 20 Aug 2022, 01:51 PM

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার স্টিমারঘাট সংলগ্ন কাসকাটা নদীতে এ ঘটনা ঘটে বলে জানান মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইফুল ইসলাম।

নিখোঁজ মো. জুলহাস (৩০) উপজেলার সোনামুখী গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন উপজেলার সোনাখালী গ্রামের খোকন বয়াতী (৩০) ও বদরপুর গ্রামের মোহাম্মদ আলী (৬০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতদের বরাত দিয়ে চিকিৎসক সাইফুল বলেন, ভোর সাড়ে ৪টার দিকে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে তারা ট্রলার নিয়ে সার আনতে নোয়াখালী যাচ্ছিলেন।

“ট্রলারটি মাসকাটা নদীতে যেতেই বিকট শব্দে বজ্রপাত হয়। এ সময় ট্রলার থেকে নদীতে পড়ে জুলহাস নিখোঁজ হন।”

বজ্রপাতে দগ্ধ না হলেও আছড়ে পড়ে আহত হন খোকন ও মোহাম্মদ আলী। তাদের স্যালাইন দেওয়া হচ্ছে বলে জানান চিকিৎসক সাইফুল।

মেহেন্দিগঞ্জ থানার ওসি উজ্জ্বল কুমার দে বলেন, এ ধরনের কোনো খবর পুলিশের  জানা নেই। খোঁজ নিয়ে দেখা হবে।