২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে চাকা ফেটে ট্রাক উল্টে ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে চারজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছে অন্তত ১০ জন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2016, 08:57 AM

Updated : 12 Apr 2022, 03:00 AM

বুধবার সকাল ৭টার দিকে উপজেলার যোকারচরে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. আছাবুর রহমান।

নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। পাবনার বেড়া উপজেলার শ্যামপুর গ্রামের সোহেল (৩৫), গাইবান্ধার সাঘাটা উপজেলার সুজন (৩৮) ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার হাশিমপুর গ্রামের আবছার (৬০)।

ওসি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাক সকাল ৭টার দিকে যোকারচর এলাকায় পৌঁছালে সামনের একটি চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায়।

“পুলিশ গিয়ে সিমেন্টের নিচে চাপা পড়া চারজনের লাশ উদ্ধার করেছে। তারা সিমেন্টের ওপর বসে আসছিল বলে ধারণা করা হচ্ছে।”

দুর্ঘটনায় আহত ১০ জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।