২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে নিখোঁজ শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

কক্সবাজারে সাগরে গোসলে নেমে নিখোঁজ ঢাকার বস্ত্র প্রকৌশলের শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2016, 10:37 PM

Updated : 11 Oct 2022, 08:48 PM

পুরনো খবর:

কক্সবাজারে সাগরে শিক্ষার্থী নিখোঁজের খবর

রোবাবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার সদরের খুরুশকূল ইউনিয়নের উত্তর রাস্তার পাড়া বেড়ীবাঁধের পাশে বাঁকখালী নদীর মোহনায় তার ভাসমান লাশ পাওয়া যায়।

কক্সবাজার সদর থানার এসআই মানস বড়ুয়া এ খবর নিশ্চিত করেন।

নিহত মো. রিফাত হাসান (২৩) ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের ফেব্রিক্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

তিনি নওগাঁর সদর উপজেলার ফতেপুর এলাকার হায়দার আলীর ছেলে।

নিহতের সহপাঠীরা কক্সবাজার সদর হাসপাতাল মর্গে মৃতদেহ শনাক্ত করেন বলে জানান এসআই মানস।

শনিবার সকালে সহপাঠীদের সঙ্গে বেড়াতে এসে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন সাগরে গোসলে নেমে রিফাত হাসান নিখোঁজ হন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এসআই মানস বলেন, কক্সবাজার সদরের খুরুশকূল উত্তর রাস্তার পাড়ার বেড়ীবাঁধ সংলগ্ন নদীতে ভাসমান অবস্থায় একটি মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করেছে।

তিনি বলেন, মৃতদেহটির গায়ে কোনো ধরণের আঘাতের চিহ্ন নেই। তবে দেহের বিভিন্ন অংশে বেশ কয়েকটি ক্ষতের চিহ্ন দেখা গেছে। হয়তো সাগরে মাছ ও অন্যান্য প্রাণীর আঘাতে এই ক্ষতের সৃষ্টি হয়েছে। তার পরনে বিজিবির ইউনিফর্মের মতো থ্রি-কোয়ার্টার প্যান্ট ও গায়ে নীল টি-শার্ট ছিল।

তার বাবা হায়দার আলী এসেছেন। ময়নাতদন্ত ছাড়াই তার কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে বলে জানান এসআই মানস।

খুরুশকূল ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, “স্থানীয় লোকজন নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখে আমাকে জানায়। পরে আমি খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করেছে।”

শনিবার জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের ৪৩ জন শিক্ষার্থীর একটি দল শনিবার সকালে কক্সবাজার বেড়াতে আসেন।

শহরের হোটেল-মোটেল জোন এলাকার আবিাসিক একটি হোটেলে ওঠার পর ব্যাগ ও জিনিসপত্র রেখে তাদের মধ্যে ৪০ জন সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন সাগরে গোসলে নামেন।

গোসল সেরে বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে সবাই হোটেলে ফিরেন আসেন; কিন্তু হোটেলে সবাইকে দেখতে পেলেও রিফাত হাসানকে পাওয়া যাচ্ছিল না। সৈকতসহ বিভিন্ন এলাকায় তার খোঁজ মেলেনি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

পরে সঙ্গীরা বিষয়টি স্থানীয় ট্যুরিষ্ট পুলিশকে অবহিত করেন বলে জানান শাহীন।